মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১৮:৩৫ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬ ১৮:৪৬ পিএম
প্রতীকি ছবি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলার দাড়িয়াকান্দি এলাকার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দাড়িয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও জাবির হোসেন (১৮)। গুরুতর আহত অবস্থায় তাদের অপর বন্ধুকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। কুলিয়ারচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাটি তদন্ত করে দেখছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বিজয় ও জাবির হোসেনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য বন্ধু সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।