মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১৬:১৫ পিএম
মরদেহগুলো উদ্ধারের মর্গে পাঠানো হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে একটি পণ্যবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে।
উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকা থেকে রবিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন—সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আঁচগাঁও গ্রামের আ. জলিল মিয়ার ছেলে ইব্রাহিম (২৮), কিশোরগঞ্জ জেলার কাটালিয়া গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী আছমা আক্তার (৩৫) ও তার ছেলে সজিব (১২) এবং সিলেটের কদমতলী এলাকার পিকআপ চালক মানিক মিয়া (৩১)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, রবিবার সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে একটি পিকআপ ভ্যান খালে উল্টে থাকতে দেখে উদ্ধার অভিযান শুরু হয়। পরে সাড়ে ৮টার দিকে রেকারের সাহায্যে গাড়িটি তোলা হলে এর কেবিন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত পিকআপটিতে ঘরগেরস্থালির আসবাবপত্র ও মালামাল বোঝাই ছিল।