জামালপুর ও দেওয়ানগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ২১:১৭ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৬ ২২:১০ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু অতিরিক্ত মানুষের চাপে উল্টে গিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার সামনের এলাকায় শনিবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে সহোদর ভাই-বোনসহ চারজন প্রাণ হারায় এবং আরও কয়েকজন আহত হয়।
মৃতু শিশুরা হলো—উপজেলার চর ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মায়ামনি (১০), ঝালোরচর গ্রামের শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও তার মেয়ে খাদিজা (১২), এবং পৌর এলাকার বাদেশশারিয়া বাড়ির মো. হাবিবউল্লাহর ছেলে মো. আবির (১৬)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ঈদের আনন্দ উপভোগ করতে দর্শনার্থীরা কাঠ ও ড্রামের তৈরি ওই ভাসমান সেতুতে ভিড় জমান। অতিরিক্ত মানুষের চাপে সেতুটি হঠাৎ উল্টে গেলে নারী ও শিশুসহ অনেক দর্শনার্থী পানিতে পড়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। রাত ৯টা এ রির্পোট লেখা পর্যন্ত চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। একজনকে জীবিত উদ্ধার করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, পানিতে ডুবে যাওয়া চার শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মুবিন খান বলেন, “এ পর্যন্ত ৪ জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে”।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস চার শিশুর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।