ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ১৫:১৭ পিএম
স্থানীয়দের কয়েকজন জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপীনাথপুর ও ছোট হামিরদী গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শনিবার ঈদের নামাজ শেষে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং প্রায় ২৫টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে।
উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর ও ছোট হামিরদী গ্রামে শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের কয়েকজন জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপীনাথপুর ও ছোট হামিরদী গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধে এক পক্ষের নেতৃত্বে হাসান ও শাহাদাৎ ফকির এবং আরেক পক্ষের নেতৃত্বে ছিলেন লিটন মাতুব্বর।
এর আগে বৃহস্পতিবার রাতে এক প্রবাসীর স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বার্তা পাঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেই ঘটনার রেশ ধরে এবং পূর্ব দ্বন্দ্বের জেরে ঈদের নামাজ শেষে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ সময় বাড়িঘরে হামলা চালিয়ে উভয়পক্ষের অন্তত ২৫টি বসতঘর ভাঙচুরের বিষয়ে জানা গেছে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।