সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ১৩:৩০ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৬ ১৫:১১ পিএম
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মেলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতি বছর ঈদুল ফিতরের দিন উপমহাদেশের অন্যতম বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ঈদগাহ মাঠ সংলগ্ন গরুর মাঠে প্রতিবছরের মতো এবারও বসেছে জমজমাট মেলা।
এবারের বর্ণিল ঈদ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন অসংখ্য দোকানি। বিশেষ করে চোখে পড়েছে কাঠের তৈরি বিভিন্ন শৌখিন সামগ্রী।
নরসুন্দা নদীর তীরে ১৮২৮ সাল থেকে চলমান এই ঐতিহ্যবাহী জামাতে লাখো মুসল্লির সমাগম ঘটে। নামাজ শুরুর ১৫, ১০ ও ৫ মিনিট আগে মোট ছয়টি ফাঁকা গুলির আওয়াজের মাধ্যমে মুসল্লিদের সতর্ক করা হয়। এরপর যথাসময়ে শুরু হয় নামাজ।
নামাজ শেষে মানুষজন দলে দলে মেলায় ছুটে যান। ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকাজুড়ে বসা এই মেলায় স্থানীয় কুটিরশিল্প, খেলনা, মিষ্টি এবং নানা ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। শত শত মানুষ কাঠের বিভিন্ন সামগ্রী, মেলার আকর্ষণীয় পণ্য, মিষ্টি এবং শিশুদের বিনোদনের জিনিসপত্র কিনে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাড়ি ফেরেন।