কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ১৩:৩০ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৬ ১৩:৩৪ পিএম
নামাজের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাধারণ মানুষদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে উপজেলা মাঠ পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের পেকুয়া নিজগ্রামে ঈদ উদযাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় তিনি পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
নামাজের পর তিনি সাধারণ মানুষদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে উপজেলা মাঠ পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন।
ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই পবিত্র দিনে আমরা দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি।
স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান, আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করে আমাদের প্রিয় দেশকে আরও এগিয়ে নিয়ে যাই। এটাই হোক আমাদের আজকের দিনের প্রকৃত আনন্দ।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে ফ্রড বা প্রতারণা শুধু একটি দেশের সীমাবদ্ধ নয়; এটি বৈশ্বিকভাবে একটি গুরুতর সমস্যা। ডিজিটাল প্রযুক্তির প্রসারের কারণে এই অপরাধ আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে।
এককভাবে কোনো দেশের পক্ষে এ ধরনের অপরাধ প্রতিরোধ কার্যকরভাবে করা সম্ভব নয়। তাই জাতিসংঘের তত্ত্বাবধানে ‘গ্লোবাল সামিট অন ফ্রড’ আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দেশ সম্মিলিত কৌশল প্রণয়নের মাধ্যমে প্রতারণামূলক অপরাধ মোকাবিলার উদ্যোগ নেয় বলেও তিনি জানান।
মন্ত্রী জানান, এই সম্মেলনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। যেহেতু এই অপরাধ সীমান্ত মানে না, তাই বৈশ্বিক সমন্বয়ের মাধ্যমে দমন করা হয়।
রোহিঙ্গা প্রত্যাবাসন ও আন্তর্জাতিক সহযোগিতা
স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের জন্য এটি একটি চলমান ও গুরুত্বপূর্ণ ইস্যু। সরকারের লক্ষ্য টেকসই ও শান্তিপূর্ণ সমাধান, এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অপরিহার্য।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রমে অংশ নেবে। বৈশ্বিক প্রতারণা প্রতিরোধ ও রোহিঙ্গা প্রত্যাবাসন—এই দুটি বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এর কার্যকর সমাধান সম্ভব নয়, এবং আমরা সেই লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব বলেও উল্লেখ করেন তিনি।
সকাল ১০টায় মন্ত্রী মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এর আগে সকাল সাড়ে ৮টা ৫০ মিনিটে তিনি গাড়ি যোগে নিজ বাড়ি পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পৌঁছান। সকাল ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ ম্যানশন থেকে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, নেতা-কর্মী ও সাধারণ মানুষদের সঙ্গে ঈদের নামাজে অংশ নেন।