ঢাবি প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬ ১৬:১২ পিএম
পুড়ে গেছে পোশাক, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্ত্তীর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সিংজুরী গ্রামে অবস্থিত বাড়িতে শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিমাদ্রি শেখর নিজেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ড. হিমাদ্রি শেখর চক্রবর্ত্তী জানান, ভোরে হঠাৎ ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হলেও গ্রামীণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের পৌঁছাতে কিছুটা সময় লাগে।
তিনি বলেন, “অগ্নিকাণ্ডে ঘরের শয়নকক্ষসহ প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে। এর মধ্যে ডাইনিং সেট, আলমারি, স্যুটকেস, টেলিভিশন, ফ্রিজ, ল্যাপটপ, পোশাক, নগদ অর্থ, খাদ্যশস্য এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে”।
এছাড়া তার দুই ভাই ও তাদের স্ত্রীরা শিক্ষাকতার সঙ্গে যুক্ত থাকায় তাদের অফিসিয়াল ও একাডেমিক নথিপত্রও আগুনে নষ্ট হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এ ঘটনায় আনুমানিক ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন হিমাদ্রি শেখর। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।