চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ২২:২১ পিএম
চমেক হাসপাতালে অসহায় কিডনি রোগীদের চিকিৎসায় ৪টি আধুনিক ডায়ালাইসিস মেশিন প্রদান করেছে শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অসহায় কিডনি রোগীদের সেবার পরিধি বাড়াতে চারটি নতুন আধুনিক ডায়ালাইসিস মেশিন দিয়েছে শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম।
চমেক হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব মেশিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ সময় চসিক মেয়র বলেন, “কিডনি রোগে আক্রান্ত অনেক রোগী নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল। কিন্তু প্রয়োজনের তুলনায় ডায়ালাইসিস মেশিন কম থাকায় রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কেএসআরএম-এর এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিক ও প্রশংসনীয়। এর মাধ্যমে অসংখ্য অসহায় রোগী উপকৃত হবেন।
“সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা (CSR) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অন্যান্য স্বচ্ছল শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও কেএসআরএম-এর মতো এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই”।
অনুষ্ঠানে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আহমেদ বলেন, “নতুন চারটি ডায়ালাইসিস মেশিন সংযোজনের ফলে প্রতিদিন আরও বেশিসংখ্যক রোগীকে দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে। যা ডায়ালাইসিস ইউনিটের ওপর বাড়তি চাপ কমাতে সাহায্য করবে। এ নিয়ে বিভাগটিতে ডায়ালাইসিস মেশিনের সংখ্যা দাঁড়ালো ১৮টিতে”।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান এবং ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, কেএসআরএম’র ঊর্ধ্বতন প্রতিনিধি ছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।