মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ২০:৩৯ পিএম
প্রতি বছর রমজান মাসে এমন আয়োজন করে থাকে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স। এবার তাদের এ উদ্যোগে সহযোগিতা করেছে মুসলাহ প্রোডাকশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রমজান উপলক্ষে কিশোরগঞ্জে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে ‘দুই টাকার ইফতার’ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স। সংগঠনটির উদ্যোগে পথচারী, শিক্ষার্থী, রিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার রোজাদার মানুষের মাঝে নিয়মিত এ ইফতার বিতরণ করা হয়।
প্রতি বছর রমজান মাসে এমন আয়োজন করে থাকে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স। এবার তাদের এ উদ্যোগে সহযোগিতা করেছে মুসলাহ প্রোডাকশন। সংগঠনটির আয়োজনে সোমবার দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, ইফতারের আগমুহূর্তে রিকশাচালক, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষের দীর্ঘ সারি। মাত্র দুই টাকার বিনিময়ে হাসিমুখে ইফতারের প্যাকেট গ্রহণ করছেন তারা।
করোনাকালীন সময়ে যাত্রা শুরু করা কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স প্রতি বছর নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সংগঠনটি রমজান মাসজুড়ে ইফতার ও সাহরি বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
সংগঠনটি তাদের ইফতার কর্মসূচির নাম দিয়েছে ‘দুই টাকার ইফতার’। সংগঠনের সদস্যরা জানান, মানুষের মাঝে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী নামকরণ করা হয়েছে।
পুরো রমজান মাসজুড়ে শহরের শোলাকিয়া, পুরানথানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইফতার বিতরণ করা হয়। ইফতারের প্যাকেটে ছিল খেজুর, ছোলা, মুড়ি, সবজি, চপ, বেগুনি, জিলাপি ও পানি।
ইফতার নিতে আসা কয়েকজন রিকশাচালক বলেন, স্বল্প আয়ের কারণে ভালো খাবার দিয়ে ইফতার করা অনেক সময় সম্ভব হয় না। ‘দুই টাকার ইফতার’ কর্মসূচির মাধ্যমে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ভালো ইফতার করতে পারছেন তারা।
কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা মোজাহিদুল ইসলাম বলেন, “প্রতিবছরের মতো এ বছরও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে”।
সংগঠনের সদস্য মাহমুদুল হাসান বলেন, “অনেক সুবিধাবঞ্চিত মানুষের ইফতারের সামর্থ্য সীমিত। তাদের কথা বিবেচনা করেই প্রতি বছর এই উদ্যোগ নেওয়া হয়”।
এ মানবিক কার্যক্রমে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের উমর নাসিফ, তাশরিফ হাসান, মাহবুব আল হাসান, এইচ এম শাওন, নওফেল আহমেদসহ সংগঠনের অসংখ্য তরুণ স্বেচ্ছাসেবী যুক্ত রয়েছেন। স্থানীয়রা এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।