রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ১৫:৩০ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬ ১৫:৩৩ পিএম
আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এ ঘাট থেকে তিনটি লঞ্চ বিশেষ সার্ভিসে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে।
নৌমন্ত্রী শেখ রবিউল আলম সোমবার শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে এই বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন। আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এ ঘাট থেকে তিনটি লঞ্চ বিশেষ সার্ভিসে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সদরঘাট এলাকায় অতিরিক্ত যাত্রীচাপ কমানো এবং বিকল্প নৌপথে যাতায়াত সহজ করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ উদ্যোগ নিয়েছে।
রাজধানী সংলগ্ন শিল্প ও ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত রূপগঞ্জ উপজেলায় স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা কয়েক লাখ মানুষের বসবাস। ঈদের সময় এসব কর্মজীবী মানুষের বাড়ি ফেরাকে কেন্দ্র করে সড়ক ও নৌপথে যাতায়াতের চাপ বেড়ে যায়। বিশেষ করে যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে। এই ভোগান্তি কমাতে শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে সকাল ৮টায় শিমুলিয়া-চাঁদপুর রুটে এমভি সমতা এন্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ ছেড়ে যাবে। একই রুটে সকাল ৯টায় এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ চলাচল করবে। এছাড়া শিমুলিয়া-বরিশাল রুটে সকাল ৮টায় এবং বরিশাল-শিমুলিয়া রুটে সন্ধ্যা ৭টায় এমভি রাজারহাট-বি লঞ্চ চলাচল করবে।
এদিকে ঈদযাত্রায় যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় প্রবীণ ও নারী যাত্রীদের ব্যবহারের মালামাল বা ব্যাগ (ব্যবসায়িক পণ্য ব্যতীত) বহনের জন্য আগামী ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। একই সময়ে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ঢাকা নদীবন্দর (সদরঘাট) ও বরিশাল নদীবন্দরে হুইলচেয়ার সেবাও প্রদান করা হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে।
যাত্রীরা জানান, সদরঘাট থেকে নৌপথে বাড়ি ফিরতে গেলে যানজটসহ নানা ভোগান্তির মুখে পড়তে হয়। শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে লঞ্চ সার্ভিস চালু হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমবে।
এমভি রাজারহাট-বি লঞ্চের সুপারভাইজার সৈকত হোসেন বলেন, “কর্মজীবী যাত্রীদের সুবিধার্থে বিআইডব্লিউটিএর উদ্যোগে এখানে লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রীরা সেবা পাবেন”।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “যাত্রীদের সুবিধার্থে তিনটি লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। ন্যায্য ভাড়ায় তারা গন্তব্যে যেতে পারবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন”।