× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজান

কিশোরগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, ৫০০ স্কুল শিক্ষার্থীর ১১৫ কুরআন খতম

মধ্যাঞ্চল অফিস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১৫:১৯ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৬ ১৫:২৪ পিএম

কিশোরগঞ্জে আফটার স্কুল মাকতাব বাংলাদেশের  ৫০০ স্কুল শিক্ষার্থীর ১১৫ কুরআন খতম উপলক্ষে শনিবার বিকালে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে সম্মিলিত দোয়া, গণইফতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে আফটার স্কুল মাকতাব বাংলাদেশের ৫০০ স্কুল শিক্ষার্থীর ১১৫ কুরআন খতম উপলক্ষে শনিবার বিকালে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে সম্মিলিত দোয়া, গণইফতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে প্রায় পাঁচ শতাধিক স্কুল শিক্ষার্থীর অংশগ্রহণে পবিত্র কুরআন ১১৫ বার খতম সম্পন্ন হয়েছে।

আফটার স্কুল মাকতাব বাংলাদেশের আয়োজনে শনিবার বিকালে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় সম্মিলিত দোয়া, গণইফতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অংশ নেয় শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রায় দুই হাজার মানুষ।
আয়োজকরা জানান, কুরআন তেলাওয়াতের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে ১০০ বার কুরআন খতমের লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতা শুরু করা হয়। প্রথম রমজান থেকে ১৫ রমজান পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। নির্ধারিত সময়ে ১০০ বার কুরআন খতম সম্পন্ন করার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে আরও ১৫টি খতম সম্পন্ন করে, ফলে মোট ১১৫ বার কুরআন খতম সম্পন্ন হয়।
আফটার স্কুল মাকতাবের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহ ওবায়েদ নেহান বলেন, “কুরআন পড়তে আমার খুব ভালো লাগে। আমরা বন্ধুরা মিলে নিয়মিত কুরআন তেলাওয়াত করি। সবাই একসঙ্গে খোলা মাঠে ইফতার করতে পারছি খুব ভালো লেগেছে।”
জেলা শহরের উকিলপাড়া শাখার শিক্ষার্থী নাবায়িল হাসান বলেন, “আমি কুরআন খতম সম্পন্ন করেছি। এজন্য আমাকে পুরস্কার দেওয়া হয়েছে। বিষয়টি আমার কাছে খুবই আনন্দের। আমি চাই ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত হোক।”
অভিভাবক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল বাবুল বলেন, “প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোররা ইসলামের শিক্ষা গ্রহণ করছে—এটি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ।”
আরেক অভিভাবক ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সামীম আহসান বলেন, “স্কুলগামী শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল মাকতাব একটি সময়োপযোগী উদ্যোগ। যুগের সঙ্গে তাল মিলিয়ে এমন আয়োজন সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত।”
আফটার স্কুল মাকতাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম বলেন, স্কুল শিক্ষার্থীদের কুরআনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে কুরআনভিত্তিক প্রতিযোগিতা ও শিক্ষার আগ্রহ তৈরি করবে এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, কুরআন খতম কর্মসূচির পাশাপাশি রমযান উপলক্ষে দাওয়াহ ও বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমও আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতা ও পরীক্ষায় উত্তীর্ণ ৩২৬ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।
আফটার স্কুল মাকতাব বাংলাদেশের দাওয়াহ বিভাগের দায়িত্বশীল মাওলানা জুবায়ের আহমদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মাওলানা আকরাম খন্দকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ইলিয়াস কাসেমী, মাওলানা মুহাম্মাদ অলিউল্লাহ এবং কবি ও লেখক মাওলানা সাইফ সিরাজ।
শেষে সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন আফটার স্কুল মাকতাব বাংলাদেশ ও দারুল আরকাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম। এরপর অনুষ্ঠিত হয় সম্মিলিত ইফতার মাহফিল।
এই ব্যতিক্রমী আয়োজনকে নতুন প্রজন্মের মাঝে কুরআনের শিক্ষা ও ধর্মীয় চেতনা জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা