মোল্লাহাট (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১১:১৮ এএম
সোহাগ শেখ। ফাইল ছবি
বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহাগ শেখ (৪০) নিহত হয়েছেন।
উপজেলার মোল্লাহাট পান বাজার সংলগ্ন সড়কে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ মোল্লাহাট সদরের উদয়পুর গ্রামের দাউদ আলী শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সোহাগ শেখ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে মোল্লাহাট পান বাজারের কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, কয়েকদিন আগে সোহাগ শেখের দোকানের এক কর্মচারীকে গুলি করা হয়েছিল। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন। কর্মচারীকে হত্যা চেষ্টা এবং আজ মালিককে হত্যার সঙ্গে ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।