নোমান মুন্না জয়
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ০০:২৯ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক নির্মূলে বিশেষ অভিযানে নেমেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) নাজিম ও পুলিশের একটি চৌকস দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক নির্মূলে বিশেষ অভিযানে নেমেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) নাজিম ও পুলিশের একটি চৌকস দল। ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এলাকায় মাদক কেনাবেচা ও অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় পুলিশের এই তৎপরতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
পুলিশ সূত্র জানায়, ‘মাদকের সঙ্গে কোনো আপস নেই’—এই লক্ষ্য নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
তবে এস আই নাজিমের অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তার ‘সংশোধনমূলক’ দৃষ্টিভঙ্গি। তিনি কেবল অপরাধীদের ধরপাকড়েই সীমাবদ্ধ থাকছেন না; বরং যারা এই অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাদের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে খুচরা মাদক কারবারিদের আটক করার পর তাদের পরিবারের উপস্থিতিতে অপরাধ না করার অঙ্গীকারনামা নিয়ে সুস্থ জীবনে ফেরার পথ বাতলে দিচ্ছেন তিনি। পুলিশের এমন মানবিক ও সংশোধনমূলক উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, শুধু জেল-হাজতে ভরে মাদক নির্মূল করা কঠিন। এস আই নাজিমের মতো কর্মকর্তাদের এই ব্যতিক্রমী পদক্ষেপ যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখবে।
এ বিষয়ে এস আই নাজিম জানান, থানা এলাকাকে শতভাগ মাদকমুক্ত না করা পর্যন্ত থানা পুলিশের এই কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।
রূপগঞ্জ থানা পুলিশের এই সাঁড়াশি অভিযান চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।