কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১৭:০৮ পিএম
এআই
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় নজির আহমদ (৬৫) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ করাচি পাড়া এলাকায় শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়া।
নিহত নজির আহমদ ওই এলাকার বাসিন্দা। আটক গাড়িচালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও তিনি টেকনাফের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন নজির আহমদ। তিনি মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় টেকনাফমুখী দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে এসে গাড়িটি জব্দ করেন এবং চালককে আটক করেন। পরে আহত অবস্থায় নজির আহমদকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই প্রভাকর বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জব্দ করা গাড়ি ও আটক চালককে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।