× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের আনন্দ থেকে শোকের মাতম

রামপালে সড়ক দুর্ঘটনায় নববধূসহ নিহত ১৪

খুলনা অফিস

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ২০:৩৬ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৬ ২০:৩৬ পিএম

দুর্ঘটনরাকবলিত বাস-মাইক্রোবাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনরাকবলিত বাস-মাইক্রোবাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আনন্দের আলোয় ভরা ছিল পুরো বাড়ি। রাতভর চলেছিল বিয়ের আয়োজন, আত্মীয়-স্বজনের ভিড় আর হাসি-আনন্দ। কিন্তু সেই আনন্দের ঘোর কাটতে না কাটতেই নেমে এলো শোকের কালো ছায়া। শ্বশুরবাড়িতে পৌঁছানোর আগেই খুলনা–মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কয়রা উপজেলার নাকশা গ্রামের নববধুর পরিবারের তিনজনসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল  এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেড হাউজের দায়িত্বে থাকা কর্মচারী জাহাঙ্গীর হোসেন ও সুজনের দেওয়া তথ্য অনুয়ায়ী এই বিষয়টি জানা গেছে।

এ পর্যন্ত শনাক্ত হওয়া নিহতরা হলেন, কয়রা উপজেলার নাকশা গ্রামের সালাম মোল্লার মেয়ে নববধূ মিথু, তার ছোট বোন লামিয়া (১০) এবং তাদের দাদি রাশিদা বেগম (৭৫), মোংলার শেওলাবুনিয়া এলাকার আশরাফুল আলম জনির মেয়ে পুতুল (৩০), একই এলাকার মৃত কেরামত সরদারের ছেলে নিশারুল আলম সবুজ (৪২), আব্দুর রাজ্জাকের মেয়ে ঐশী (৩০), আশরাফুল আলম জনির ছেলে আলিফ (১২), রামপালের ৮ নম্বর ওয়ার্ডের মনোয়ার হোসাইনের ছেলে ফাহিম (১) এবং রামপালের জিগির মোল্লা এলাকার মনিরুল শেখের ছেলে মো. নাঈম শেখ (২৮)।

তাদের পরিবার জানায়, ঘটনার আগের রাত বুধবার মোংলায় মিথুর বিয়ে হয়েছিল। পরিবার ও স্বজনদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় বিয়ের সব আয়োজন। বিয়ের পরদিন সকালেই স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মিথু। সঙ্গে ছিলেন তার ছোট বোন লামিয়া এবং দাদি রাশিদা বেগম।

সকালের সেই যাত্রাই হয়ে ওঠে তাদের জীবনের শেষ যাত্রা। রামপালের বেলাই ব্রিজ এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে তাদের মৃত্যু হয়।

নাকশা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “গত রাতেই মিথুর বিয়ে হয়েছিল। সকাল ১১টার দিকে তারা মাইক্রোবাসে করে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এতে মিথু, তার ছোট বোন লামিয়া এবং তাদের দাদি মারা যান”।

জানা গেছে, নিহত মিথু স্থানীয় নাকশা মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ছোট বোন লামিয়া ছিল স্কুলছাত্রী। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নাকশা গ্রামে নেমে আসে শোকের ছায়া। নিহতদের বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায়। পুলিশ জানায়, খুলনা-মোংলা মহাসড়কে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আটজন নিহত এবং অন্তত ১২ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৬ জনের মৃত্যু হয়।

আহতরা বর্তমানে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, “সংঘর্ষটি ছিল অত্যন্ত ভয়াবহ। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একাধিক যাত্রীর মৃত্যু ঘটে”।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, “দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সেখানে মোট আটজনকে মৃত অবস্থায় নেওয়া হয়। এরপর আরও ২ জন মারা যায়। এ নিয়ে খুমেক হাসপাতালের মর্গে নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ রাখা হয়েছে বলে জানিয়েছেন ডেড হাউজের দায়িত্বে থাকা কর্মচারী জাহাঙ্গীর হোসেন ও সুজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা