প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১৬:২৯ পিএম
ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেন দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: ভিডিও থেকে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেন দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সাভার বাজার বাসস্ট্যান্ড ও নিউমার্কেট এলাকায় বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
অভিযানে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উচ্ছেদ কার্যক্রমে পৌরসভার শতাধিক কর্মচারী অংশ নেন।
এ সময় মহাসড়কের সার্ভিস লেন থেকে হকারদের সরিয়ে দেওয়া হলেও ফুটপাত উচ্ছেদের কোনো কার্যক্রম দেখা যায়নি।
পরিবহন চালক ও পথচারীরা এমন উদ্যোগকে স্বাগত জানালেও ঈদের আগে উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন হকাররা। তারা জানান, হঠাৎ উচ্ছেদে তাদের জীবিকা সংকটে পড়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, “ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।