রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ২০:৪৯ পিএম
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ছয়টি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল নেতৃত্ব দেন।
অভিযানে অংশ নিয়েছেন সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলমসহ পুলিশ, র্যাব ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে দেখা যায়, উপজেলার কয়েকটি ইটভাটা অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশগত বিভিন্ন বিধি লঙ্ঘন করা হচ্ছিল। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারায় জরিমানা করা হয়।
জরিমানাকৃত ইটভাটাগুলো হলো— মেসার্স বর্ণ ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স প্রত্যয় ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এডিবি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স আরএফবি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অবৈধভাবে পরিচালিত মেসার্স বর্ণ ব্রিকস ও মেসার্স আরএফবি ব্রিকস নামের দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধ, কৃষিজমি রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানানো হয়।