× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত বেড়ে ৪

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ২০:১৪ পিএম

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ নিহত তপু উরাং, নয়ন উরাং, উত্তম উরাং ও পইন্ন্যা ত্রিপুরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ নিহত তপু উরাং, নয়ন উরাং, উত্তম উরাং ও পইন্ন্যা ত্রিপুরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত আরও এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান আহত পইন্ন্যা ত্রিপুরা (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব।

এর আগে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয় এবং বাসের শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হন। নিহত পইন্ন্যা ত্রিপুরা ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল উরাংপাড়ার মন্দারাম ত্রিপুরার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং আড়াই বছর বয়সী এক সন্তানের জনক।

এর আগে একই দুর্ঘটনায় একই পাড়ার যুগেশ উরাংয়ের ছেলে উত্তম উরাং (১৮), তপন উরাংয়ের ছেলে তপু উরাং (১৪) এবং রাম উরাংয়ের ছেলে নয়ন উরাং (১৫) নিহত হন। তারা মোটরসাইকেলযোগে রাজমিস্ত্রীর কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

পুলিশ জানায়, মানিকছড়িতে একটি অনুষ্ঠান শেষে যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের বোয়ালখালীর দিকে যাচ্ছিল। পথে পেলাগাজি দিঘী মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন কিশোরের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান।

উরাংপাড়া জুড়ে আহাজারি

হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল উরাংপাড়ায় এখন শুধু কান্না আর আহাজারির শব্দ। এক সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানির ঘটনায় পুরো পাড়াজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহতদের বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

পরিবারে কর্মক্ষম ব্যক্তির মৃত্যুতে ভেঙে পড়েছে নিহত পইন্ন্যা ত্রিপুরার পরিবার। স্বামীর মৃত্যুর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী।

নিহত উত্তম উরাংয়ের বাবা যুগেশ উরাং কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেটা সকালে কাজ করতে বের হয়েছিল। কে জানত এটাই তার শেষ যাওয়া। এখন আমি কী নিয়ে বাঁচব?”

তপু উরাংয়ের বাড়িতেও একই চিত্র। ছেলের নিথর দেহের কথা মনে করেই বারবার অজ্ঞান হয়ে পড়ছেন তার মা। 

স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব বলেন, “নিহত তিন কিশোর স্কুল বন্ধ থাকায় নাজিরহাটে পইন্ন্যা ত্রিপুরার সাথে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতে গিয়েছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হয়”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা