কয়রা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ১৯:৫৫ পিএম
উপজেলার আমাদী ইউনিয়নের খেওনা গ্রামের বজবুজা এলাকায় মঙ্গলবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার কয়রায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বছরের শুরুতে এই প্রকল্পের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের আশা করছেন স্থানী কৃষকরা।
উপজেলার আমাদী ইউনিয়নের খেওনা গ্রামের বজবুজা এলাকায় মঙ্গলবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।
জানা গেছে, খেওনা গ্রামের রাহাজানের বাড়ি থেকে শুরু হয়ে আজিজ সরদার ও আলী সরদারের জমি পর্যন্ত বজবুজা খালের পুনঃখনন কাজ করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ লাখ ৭৯ হাজার ৩৩৬ টাকা। এ খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে নবপল্লব প্রকল্প (সিএনআরএস) এই এনজিওটি মূলত উপকূলীয় অঞ্চলের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়নের লক্ষ্যে কাজ করছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও মৎস্য চাষে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “পানির অভাবে শুধুমাত্র বর্ষায় একবার ধান চাষ করতে পারি। এখন খালটা পুণঃখনন করার জন্য আজ উদ্বোধন করছে। খনন করার পরে সেচের সুবিধা পাওয়ায় যাবে ফলে বছরে দুই থেকে তিনটি ফসল ফলানো সম্ভব হবে। এতে বেকারত্ব কমবে এবং চাষীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। সরকার যেন এ ধরনের প্রকল্প অব্যাহত রাখে এটাই আমাদের দাবি”।
এ সময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, সি আন এন এস নবপলব প্রকল্পের ফিল্ড ম্যানেজার মুস্তাক মাহমুদ, কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দীন আহম্মেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি রিয়াছাত আলী, কয়রা প্রেসক্লাবের সেক্রেটারি কামাল হোসেন।