প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ১৮:৫২ পিএম
স্থানীয়রা একজন শ্রমিককে উদ্ধার করতে পারলেও অন্যজন গলা পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে আরও নিচে দেবে যাচ্ছিলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের কাহারোলে সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে ৩০ ফিট গভীরে চাপা পড়েছিলেন মোহাম্মদ আজহারুল ইসলাম (৩৮) নামে এক শ্রমিক। জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল পেয়ে তাকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আনোয়ার সাত্তার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের কাহারোল থানার দক্ষিণ মহেশপুর এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে দুইজন শ্রমিক মাটিচাপা পড়েছেন।
কলার আরও জানান, স্থানীয়রা একজন শ্রমিককে উদ্ধার করতে পারলেও অন্যজন গলা পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে আরও নিচে দেবে যাচ্ছিলেন। তাকে উদ্ধারের চেষ্টা করলে চারপাশ থেকে আবার মাটি ঝরে পড়ে গর্ত ভরাট হয়ে যাচ্ছিল, ফলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ থেকে কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্রান্ত এবং উদ্ধার কার্যক্রমের তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ফায়ার ডিসপাচার মো. হানজালাল।
পরে কাহারোল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে মাটির নিচে চাপা পড়ে থাকা শ্রমিক আজহারুল ইসলামকে জীবিত উদ্ধার করে। উদ্ধারের পর তাকে দ্রুত চিকিৎসার জন্য কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।