চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ১০:২৯ এএম
আহতরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গা জীবননগরে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন।
উপজেলার মাধবখালী গ্রামের পশ্চিমপাড়া ও খাঁপাড়ার বাসিন্দাদের মধ্যে সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, লিখন (১৮), আশরাফুল (৪২), রোজিনা, তানজিন (৩২), নাজু এবং খানজাহান আলী। তারা সবাই উপজেলার মাধবখালী গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে বিবাদের কারণে খাঁপাড়ার মসজিদ ছেড়ে পশ্চিমপাড়ায় নতুন একটি মসজিদ নির্মাণ করেন পাড়ার বাসিন্দারা। তবে তাদের কবরস্থান একটা। সম্প্রতি কবরস্থানে যাওয়ার রাস্তা তৈরির জন্য খাঁপাড়া মসজিদের সীমানা প্রাচীর ভাঙ্গা হয়। বিষয়টি নিয়ে এদিন ইফতারের পর দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নিলে উভয় পক্ষের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে আহতদের মধ্যে খানজাহান আলীর (৪৫) শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ বলেন, খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।