গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ১০:২০ এএম
বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখিটি উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্বজুড়ে হাজারো প্রজাতির পাখির অস্তিত্ব রয়েছে। তার মধ্যে এমন কিছু প্রজাতির পাখি আছে, যাদের সংখ্যা এখন খুব কম। এমনই এক বিরল প্রজাতির পাখির দেখা মিলল পটুয়াখালীর কলাপাড়ায়। বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখিটি উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
সোমবার দুপুরে পৌরশহরের সবুজবাগ-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। নিশাচর পেঁচা প্রজাতির ব্রাউন বুবক বা বাদামি বুবকের চোখ অনেক বড় ও হলুদ। বড় চোখে চাহনির কারণে অনেক প্রাণী পাখিটিকে ভয় পায়।
এর আগে গত রবিবার ওই এলাকার বিলকিস জাহান নামের এক নারী তার বাড়ির ছাদ থেকে পাখিটি উদ্ধার করে প্রাণী কল্যাণ সংগঠনটির সদস্যদের খবর দেন। পাখিটির ডান পাখায় ক্ষত থাকায় তাকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পাখিটি পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের সহায়তায় অবমুক্তের কথা জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।
সংগঠনের কলাপাড়া শাখার সদস্য মো. কাওসার বলেন, উপকূলীয় এলাকায় আগে এসব ব্রাউন বুবক পাখি দেখা যেত। এখন তেমন চোখে পড়ে না। আহত ওই পাখিটি উদ্ধার করে আমরা প্রাণিসম্পদ অফিসে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি। বর্তমানে পাখিটি আমাদের শেডে রয়েছে।
কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান বলেন, পাখিটির ডান পাখায় ক্ষত আছে। যার কারণে উড়তে পারছে না। পাখিটিকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যেই উড়তে পারবে।