চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ২০:২৪ পিএম
প্রতীকী ছবি
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার মাতামুহুরী পয়েন্টে সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই মো. ফরিদ হোসেন।
নিহতরা হলেন—মৌলভীরচর এলাকার জামাল উদ্দিনের মেয়ে মাইমুনা আক্তার (১৪) এবং একই এলাকার আব্দুর রহিমের মেয়ে ইশপা মুনি (১১)। তারা দুজনই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে চার থেকে পাঁচজন বান্ধবী একসঙ্গে নদীর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে হঠাৎ মাইমুনা ও ইশপা গভীর পানিতে ডুবে যান। সঙ্গে থাকা অন্যরা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে স্থানীয়দের খবর দিলে তারা দ্রুত নদী থেকে দুজনকে উদ্ধার করেন।
মুমূর্ষু অবস্থায় তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে গভীর গর্ত তৈরি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন তারা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এসআই মো. ফরিদ হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে”।