ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ১৯:৪২ পিএম
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত গাড়ির চাপায় শান্ত কুমার সাহা (১৬) নামে এক কিশোর অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শান্ত কুমার সাহা সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের কানু কুমার সাহার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম।
নিহতের পরিবার জানায়, ইফতারের আগ মুহূর্তে লালপোলের মিয়াজি ফিলিং স্টেশনের সামনে এক যাত্রীর মালামালসহ অটোরিকশা নিয়ে অপেক্ষা করছিল শান্ত। প্রায় আধাঘণ্টা পর কয়েকজন ছিনতাইকারী তাকে মারধর করে মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচে ফেলে দেয়। পরে সেখান থেকে উঠে শান্ত ছিনতাইকারীদের পিছু ধাওয়া করলে তারা তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে পড়ে গেলে দ্রুতগতির একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ফুফাতো ভাই নিপুল দাস বলেন, “সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা শান্তর সঙ্গে যোগাযোগ করতে না পেরে খোঁজাখুঁজি শুরু করে। পরে এক পরিচিত অটোরিকশা চালকের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পাই”।
তিনি বলেন, “শান্ত যেখান থেকে যাত্রী নিয়েছিল, সেখানকার আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হবে”।
শান্তর খালাতো বোন নিপা রানী দাস জানান, ইফতারের আগে মিয়াজি ফিলিং স্টেশনের সামনে শান্তর সঙ্গে তার দেখা হয়েছিল। তখন শান্ত জানান, তার ভাড়া রয়েছে এবং অটোরিকশায় কয়েকটি বস্তা ছিল। পাশে এক ব্যক্তিকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার ধারণা, ইফতারের সময় নিরিবিলি পরিবেশের সুযোগ নিয়ে ছিনতাইকারীরা শান্তকে লক্ষ্যবস্তু বানায় এবং অটোরিকশাটি ছিনতাই করে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অটোরিকশা ছিনতাই ও মৃত্যুর ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে”।