ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৯:৫৩ পিএম
রবিবার দুপুরে দেড়টায় কলেজের দ্বিতীয় তলার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীতে দ্বাদশ শ্রেণীর নির্বাচনি পরীক্ষায় ৬-৭ বিষয় ফেল করা ছাত্রদের ফরম পূরণ করতে না দেওয়ায়, কলেজ গেইটে তালা ঝুলিয়ে অধ্যক্ষ ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
ফেনীর পরশুরাম উপজেলার পরশুরাম সরকারি ডিগ্রি কলেজে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তালা খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা দুপুর দেড়টায় কলেজের দ্বিতীয় তলার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। প্রায় আধঘণ্টা পর দুপুর দুইটার দিকে তালা খুলে দিয়ে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে পুলিশ।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এইচএসসির নির্বাচনি পরীক্ষায় ২৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩২ জন। তার মধ্যে তিন বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য অনুমতি দেওয়া হয়। ৬-৭ বিষয়ে ফেল করা বাকী ১৪৬ জন শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে দেয়।
পরদিন রবিবার সকাল থেকে অকৃতকার্য শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন এরপর দুপুর দেড়টার দিকে মিছিল সহকারে কলেজের দ্বিতীয় তলার প্রবেশপথে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে খবর পেয়ে পরশুরাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা খুলে শিক্ষকদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে শিক্ষার্থীদের অভিযোগ অতিরিক্ত টাকা নিয়ে ফরম পূরণের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “ফেল করা কিছু শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে অধ্যক্ষ গোপনে ফরম পূরণের সুযোগ করে দিয়েছেন। আমরাও ফরম পূরণ করতে গেলে শিক্ষকরা আমাদের অপমান অপদস্থ করে অধ্যক্ষের কক্ষ থেকে বের করে দেন। এরপর আমরা নিরুপায় হয়ে কলেজের তালা লাগিয়ে দিই”।
পরশুরাম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. নাসির উদ্দিন বলেন, “৬-৭ বিষয় ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ না দেওয়ায়, তারা ক্ষুব্ধ হয়ে বহিরাগতদেরকে সঙ্গে নিয়ে কলেজ ভবনের মূল ফটকে তালা লাগিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে সবাইকে উদ্ধার করেছেন”।
এ বিষয়ে পরশুরাম মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, “একাধিক বিষয়ে অকৃতকার্যদের ফরম পূরণ করতে না দেওয়াই ক্ষুব্দ শিক্ষার্থীরা এ কান্ড ঘটিয়েছেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ কটনাস্থলে উপস্থিত হয়ে তালা খুলে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়”।