খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ২১:১৫ পিএম
খাগড়াছড়ির পানছড়ি থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খাগড়াছড়ির পানছড়িতে জনসংহতি সমিতি-সন্তু লারমা গ্রুপের গুলিতে এক সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
এ অভিযোগ অস্বীকার করে জেএসএস দাবি করেছে, এটি প্রতিপক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ফলাফল।
পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। একে কেন্দ্র করে পাহাড়ি এ জনপদে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
প্রাণ হারানো আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকার পদ্মিনীপাড়া গ্রামের প্রয়াত কিরণ মুনি ত্রিপুরার ছেলে। তিনি সংগঠনের সক্রিয় সদস্য বলে দাবি করেছে ইউপিডিএফ।
ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আজ (শনিবার) সকাল সাড়ে ১১টার সময় সন্তু গ্রুপের ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় প্রবেশ করে ওত পেতে থাকে। এ সময় ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) সাংগঠনিক কাজে যাওয়ার পথে তাদের সামনে পড়ে যায়। এতে সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে”।
বিবৃতিতে অংগ্য মারমা হত্যাকাণ্ডের ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, “সন্তু গ্রুপ দীর্ঘ সময় ধরে পানছড়িতে খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু তাদেরকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে তারা আজকের এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে”।
তিনি অবিলম্বে আপন ত্রিপুরার হত্যাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি হত্যাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
জেএসএসের প্রতিক্রিয়া
হত্যার অভিযোগ অস্বীকার করে জেএসএসের সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, “জনসংহতি সমিতির কোনো সদস্যের সঙ্গে এ ঘটনার সংশ্লিষ্টতা নেই। আমরা যে তথ্য পেয়েছি, তাতে ইউপিডিএফের একটি সশস্ত্র দল প্রতিপক্ষের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এতে তাদের একজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় জেএসএসকে জড়িয়ে দোষারোপ করা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত”।
এদিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, “পানছড়িতে গুলিতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
“পাশাপাশি এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”