খুলনা অফিস
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ১২:৫৯ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬ ১৩:১৫ পিএম
খুলনায় শনিবার এক নারীর কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা মহনগরীতে পুলিশের একটি চেকপোস্টে তল্লাশি চলাকালীন এক নারীর কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে নগরীর নিজখামার এলাকায় এই ঘটনা ঘটে। লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ও পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল। চেকপোস্টে তল্লাশির সময় একটি গাড়িতে থাকা সুরাইয়া পারভীন সুমি নামের এক নারীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিসি সাউথ তাজুল ইসলাম জানান, চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ওই নারীর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে ঘটনাস্থলে বিপুলসংখ্যক কৌতূহলী মানুষ ভিড় জমায়। খুলনা নগরীতে সাম্প্রতিক সময়ে অবৈধ অস্ত্রের ব্যবহার ও সহিংসতার ঘটনায় নতুন করে এই অস্ত্র উদ্ধারের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।