কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ ১৬:১২ পিএম
বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে শুক্রবার দুপুরে ৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছ থেকে তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে শুক্রবার দুপুরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফিরিয়ে আনা বাংলাদেশিরা হলেন—মো. বাপ্পি (২৮), ওসমান গনি রাব্বি (১৮) ও মো. জনি মিয়া (২২)।
কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে এবং ২৮ ফেব্রুয়ারি উখিয়ার বালুখালী নদী এলাকায় মাছ ধরতে গেলে আরও দুজনকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ধরে নিয়ে যায়।
তিনি বলেন, “নিখোঁজদের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি কর্তৃপক্ষ আরাকান আর্মির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে এবং প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়”।
পরে উদ্ধার হওয়া তিনজনকে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।