লালমোহন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৯ পিএম
ছয় পা থাকলেও সুস্থ আছে বাছুরটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলার লালমোহনে ছয় পা বিশিষ্ট একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। বিরল এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটিকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন মালিকের বাড়িতে।
উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের ডা. আজাহার উদ্দীন রোডের পূর্ব মাথা সংলগ্ন সৌদি প্রবাসী মো. মনিরের বাড়িতে শুক্রবার ভোররাতে বাছুরটির জন্ম হয়।
গরুর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, ভোরের দিকে তার গাভীটি একটি ছয় পা বিশিষ্ট বাছুর প্রসব করে। জন্মের পর দেখা যায়, বাছুরটির চারটি পা স্বাভাবিক স্থানে থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত আরও দুটি পা রয়েছে।
তিনি বলেন, “এমন বিরল বাছুর জন্ম নেওয়ায় প্রথমে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে দেখি বাছুরটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে”।
স্থানীয় পশু চিকিৎসক জামাল উদ্দিন জানান, বাছুরটির অতিরিক্ত দুটি পা থাকলেও বর্তমানে তার শারীরিক অবস্থায় কোনো জটিলতা দেখা যায়নি। সঠিক পরিচর্যা পেলে বেড়ে উঠতে সমস্যা হওয়ার কথা নয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. গোলাম মোস্তফা বলেন, “এ ধরনের ঘটনা খুবই বিরল। সচরাচর দেখা যায় না। তবে বাছুরটি সুস্থ থাকলে আশঙ্কার কিছু নেই। কিছুটা বড় হলে প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত দুটি পা অপসারণ করা যেতে পারে”।