কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে শুক্রবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় থানার সামনে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
থানার সামনে বিএনপির পার্টি অফিসে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত দলের আলোচনা সভায় এই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় সংঘর্ষে জড়িত ব্যক্তিরা পুলিশের ওপরও চড়াও হয়। এতে পুলিশ সদস্যসহ মোট ১২ জন আহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের নাম পরিচয় তাতক্ষণিকভাবে জানা যায়নি।
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা লুৎফুর রহমান লেন্টু জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী রাশেদ খানের নেতৃত্বে পার্টি অফিসে আলোচনা সভা চলছিল। এ সময় মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম তার সমর্থকদের নিয়ে অফিসের বাইরে অবস্থান নেন। কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, থানায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করছিলেন। এ সময় থানার সামনে বিএনপির পার্টি অফিসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশসহ ১২জন আহত হন।
তিনি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।