চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৫ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৬ পিএম
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে আব্দুল মজিদ (৫০) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এআই; প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে আব্দুল মজিদ (৫০) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলটি পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে প্রায় ৫০০ মিটার দূরে।
উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজার এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, সন্ধ্যায় বাজার থেকে হেঁটে বাড়ির দিকে যাওয়ার পথে মুখোশ পরা কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “মুখোশধারী কয়েকজন যুবক বাইরে থেকে এসে তাকে গুলি করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে”।
স্থানীয়রা বলছেন, নিহত আব্দুল মজিদ স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বাড়ি অলিমিয়াহাট বাজারসংলগ্ন এলাকায়।