জেএসসি স্কলারশিপ পরীক্ষা-২০২৫
মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩ পিএম
জেএসসি স্কলারশিপ পরীক্ষা-২০২৫ এ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পেয়েছে ২৯ জন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জেএসসি স্কলারশিপ পরীক্ষা-২০২৫ এ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পেয়েছে ২৯ জনই। ১৩ জন ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১৬ জন।
জেএসসি ও সমমানের বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে বুধবার এ তথ্য জানা যায়। ফলাফল ঘোষণার পর থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ সাফল্যের পেছনে রয়েছে ধারাবাহিক পরিকল্পনা ও নিবিড় তত্ত্বাবধান। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য হোম ভিজিট, গাইড টিচার নিয়োগ, বিশেষ ক্লাস ও আফটার স্কুল কেয়ার চালু করা হয়। যেসব শিক্ষার্থী কোনো বিষয়ে দুর্বল ছিল, তাদের জন্য আলাদা নজরদারি ও বাড়তি সহায়তার ব্যবস্থা করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের আন্তরিকতা ও নিয়মিত দিকনির্দেশনার ফলেই তারা ভালো ফল করতে পেরেছে। বিদ্যালয়ের পাশাপাশি বাসায় পড়াশোনার পরিবেশ তৈরিতে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম বলেন, “এ বছর আমাদের বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জন বৃত্তি পেয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে”।
তিনি আরও বলেন, “প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা যত্ন নেওয়া হয়েছে। হোম ভিজিট ও বিশেষ ক্লাসের মাধ্যমে তাদের প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি”।