মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪০ পিএম
প্রতিটি মাছের ওজন পাঁচ থেকে ছয় কেজি, ১১০০ মাছের মোট ওজন ধরা হচ্ছে প্রায় ১২০ মণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে যেন এক রাতেই বদলে গেল জেলেপাড়ার চেহারা। গভীর বঙ্গোপসাগর থেকে এলো লাল রঙের এক বিশাল ঝাঁক—এক জালে ধরা পড়েছে ১১০০টি লাল কোরাল। ট্রলার ঘাটে ভেড়ার পর থেকেই কাইয়ুখ খালীতে শুরু হয় মাছ ব্যবসায়ীদের ভিড়, দর-কষাকষি আর উচ্ছ্বাসের রেশ।
মঙ্গলবার বিকালে টেকনাফ পৌরসভার কেরুন তলীর বাসিন্দা মোহাম্মদ মিজান ও হারুনের মালিকানাধীন ট্রলারটি জাল তোলে। মাঝি রহমত উল্লাহ জানান, সপ্তাহখানেক সাগরে যেতে পারেননি তারা—আরাকান আর্মির ভয়ের কারণে উপকূল ছিল অনিশ্চয়তায়। শনিবার সাহস করে ১৭ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে পাড়ি দেন। গন্তব্য সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের গভীর জলরাশি।
মঙ্গলবার বিকালে জাল টেনে তুলতেই চোখ কপালে। লাল কোরালের বিশাল ঝাঁক। প্রতিটি মাছের ওজন পাঁচ থেকে ছয় কেজি। গুনে দেখা গেল ১১০০টি।
লাখ টাকার হাসি
ট্রলারটি রাত সাড়ে ১০টার দিকে কাইয়ুখ খালী ঘাটে পৌঁছাতেই শুরু হয় ব্যবসায়ীদের প্রতিযোগিতা। প্রথমে জেলেরা পুরো চালানের দাম হাঁকেন ৪৫ লাখ টাকা। পরে দরদাম করে মাছ ব্যবসায়ী রশিদ আহমেদ মণপ্রতি ২৬ হাজার টাকায় কিনতে রাজি হন। মোট ওজন ধরা হচ্ছে প্রায় ১২০ মণ। সেই হিসেবে বিক্রয়মূল্য দাঁড়াতে পারে প্রায় ৩১ লাখ টাকার কাছাকাছি।
ট্রলার মালিক মোহাম্মদ মিজান বলেন, “এক জালে এত মাছ জীবনে পাইনি। আল্লাহর রহমত না হলে সম্ভব ছিল না”।
লাল কোরালের পথচলা
স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। শীতকালে তারা ঝাঁক বেঁধে সেন্ট মার্টিনের প্রবাল স্তূপে বিচরণ করে। পাথুরে তলদেশ আর প্রবালের কারণে সেখানে জাল ফেলা ঝুঁকিপূর্ণ। তাই দ্বীপের জেলেরা বড়শি দিয়ে বড় কোরাল ধরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
লাল কোরাল শুধু দামে নয়, স্বাদেও জনপ্রিয়। বড় আকার, কম কাঁটা আর সুস্বাদু মাংসের কারণে উপকূলীয় বাজার থেকে শুরু করে শহরের রেস্তোরাঁয়ও এর চাহিদা বেশি।
সমুদ্রের অনিশ্চয়তা, জেলেদের লড়াই
গত এক সপ্তাহ সাগরে না যেতে পারার হতাশা যেন মুছে দিয়েছে এই ধরা। তবে উপকূলের জেলেরা বলছেন, গভীর সাগরে যাওয়া এখনো ঝুঁকিপূর্ণ—আবহাওয়া, নিরাপত্তা আর সীমান্তসংক্রান্ত উত্তেজনা সব মিলিয়ে প্রতিটি যাত্রাই অনিশ্চিত।
তবু সেই অনিশ্চয়তার ভেতরেই জেলেদের জীবন-জীবিকা। কখনো খালি জাল, কখনো এক জালেই লাখ টাকার মাছ। টেকনাফের এই ১১০০ লাল কোরালের গল্প তাই শুধু বড় ধরা নয়—এটি উপকূলের মানুষের সাহস, ঝুঁকি আর আশার গল্পও।