গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৪ পিএম
ঢাকা বাইপাস সড়কে মঙ্গলবার ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ছবি: এআই
গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঢাকা বাইপাস সড়কে মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সোহেল রানা।
নিহতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের মুঞ্জুর আকন্দের ছেলে নোয়াইশির আকন্দ (১৬) এবং একই এলাকার মো. মোশাররফের ছেলে মো. মিহাদ (১৬)। তারা দুজনই জিন্দা পার্কের ভেতরে অবস্থিত লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলের শিক্ষার্থী।
নোয়াইশির আকন্দ চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং মিহাদ দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিল জিন্দা পার্ক এলাকার মৃত কালামের ছেলে আজিজুল (১৭)।
পুলিশ বলছে, সম্প্রতি বাড়িতে চাপ দিয়ে গরু বিক্রি করিয়ে টিভিএস কোম্পানির অ্যাপাচি ৪ভি মডেলের একটি মোটরসাইকেল কেনে আজিজুল। মঙ্গলবার বিকালে ওই মোটরসাইকেল নিয়েই তিনজন ঘুরতে বের হয়। পরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে উলুখোলার দিকে যাওয়ার সময় নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে মোটরসাইকেলটি। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে পেছনে বসা দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়ে। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। মোটরসাইকেল চালক আজিজুল অক্ষত রয়েছে।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। পরে পরিবারের আবেদনের পর মরদেহ হস্তান্তর করা হয়েছে।