চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ পিএম
চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন এসি মসজিদ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়। প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন এসি মসজিদ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
মোহাম্মদ দিদারুল আলমের মালিকানাধীন একটি ভবনে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—শাখাওয়াত (৪৬), তার স্ত্রী নুর জাহান আক্তার রানী (৪০), সুমন (৪০), তার স্ত্রী পাখি আক্তার (৩৫), শিপন (৩০), শাওন (১৭), আইমান (৯), আনাস (৭), ও আয়েশা (৪)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দগ্ধদের ভোর সাড়ে ৫টার দিকে চমেকে আনা হয়। বর্তমানে তারা হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে শাখাওয়াত, সুমন, রাণী এবং পাখি আক্তারের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
দগ্ধ শাখাওয়াতের চাচাতো ভাই মোহাম্মদ মিলন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শাখাওয়াত ও সুমন দুই ভাই। সুমন কয়েকদিন আগে পর্তুগাল থেকে দেশে আসার পর পরিবার নিয়ে বাসায় বেড়াতে এসেছিলেন। ভোর রাতে সেহেরি খেয়ে নামাজ পড়ার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে শাখাওয়াত, সুমন এবং দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।