চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৫ পিএম
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী এমপির গাড়িবহরের কয়েকটি গাড়ি আটকে ভাঙচুর চালায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়ির চাপায় খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
চকরিয়া বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় রবিবার বিকালে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িতে চাপা পড়ে ওই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ওয়ালিদ বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকার প্রবাসী আমান উল্লাহর ছেলে। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। রবিবার কুতুবদিয়া সফর শেষে তিনি সড়কপথে পেকুয়া হয়ে চকরিয়ার বদরখালী দিয়ে মহেশখালী ফিরছিলেন। তার গাড়িবহরে ৮ থেকে ১০টি যানবাহন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিকাল পাঁচটার দিকে এমপির গাড়িবহর আহমদ কবিরের ঘাটা এলাকা অতিক্রম করার সময় বহরের একটি গাড়ি শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তার মা সুমাইয়া বেগম দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা বদরখালী মাদ্রাসা গেট এলাকায় সড়কের মাঝখানে একটি ডাম্প ট্রাক আড়াআড়িভাবে দাঁড় করিয়ে এমপির গাড়িবহরের কয়েকটি গাড়ি আটকে দেয়। এ সময় বহরের কয়েকটি গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “সংসদ সদস্য মহোদয়ের গাড়িবহরের একটি গাড়ির চাপায় শিশুটি মারা গেছে। ইতিমধ্যে চাপা দেওয়া গাড়িটি জব্দ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে”।