প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২২ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৩ পিএম
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কের ফিলিং স্টেশনের কাছে শনিবার দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসবাহী লরির সামনে পড়লে দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ভিডিও থেকে নেওয়া
কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে যাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গ্যাসবাহী লরির সামনে ধাক্কা খেলে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
ওই সড়কের ফিলিং স্টেশনের কাছে শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চৌড়হাস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। তারা হলেন সদর উপজেলার খাজানগর এলাকার আশরাফুল (২৮), অটোরিকশার চালক জাকারিয়া, যাত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন।
অপর একজন নারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তারা সবাই অটোরিকশায় খাজানগরের দিকে যাচ্ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুষ্টিয়া স্টোর পাম্পের কাছে বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারান অটোরিকশার চালক। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে চলন্ত লরির সামনে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আরদেশ আলী বিডিনিউজকে বলেন, অটোরিকশাটি কুষ্টিয়ার কবুরগাট থেকে বাইপাস দিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর লরিটি খুলনা থেকে তরল গ্যাস নিয়ে পাবনার ঈশ্বরদীতে যাচ্ছিল। একটি ফিলিং স্টেশনের সামনে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই তিনজন নিহত হন, আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য বাইপাস সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।
চৌড়হাস হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়দেব জানান, দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি জব্দ করা হয়েছে, তবে লরির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।