মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৮ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪ পিএম
শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা। ছবি: এআই
কিশোরগঞ্জে ফজরের নামাজ আদায় করিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমাম নিহত হয়েছেন।
জেলা জজ কোর্টের সামনে শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা।
নিহত মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ বলছে, শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়িয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন ইমাম মোস্তাফিজুর রহমান। এ সময় জেলা জজ কোর্টের সামনে নির্মাণাধীন ড্রেনের জন্য সড়কে রাখা বালুর স্তূপে অটোরিকশার চাকা পিছলে যায়। এতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ইমাম ও অটোরিকশাচালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আবুল কালাম ভূঞা বলেন, “পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।