× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয়তাবাদীর জৌলুস ফিরছে চট্টগ্রামে

আবু রায়হান তানিন, চট্টগ্রাম

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪ এএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮ এএম

 জাতীয়তাবাদীর জৌলুস ফিরছে চট্টগ্রামে

চট্টগ্রাম বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রতিযোগিতামূলক সকল নির্বাচনেই চট্টগ্রামের বেশিরভাগ আসন ছিল দলটির দখলে। বিএনপির জাতীয় রাজনীতিতে চট্টগ্রামের নেতাদের প্রভাবও ছিল সব সময় চোখে পড়ার মতো। বেগম জিয়ার তিন মন্ত্রিসভাতে চট্টগ্রামের নেতাদের মূল্যায়ন ছিল নজরকাড়া। সব মিলিয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে চট্টগ্রাম বিএনপির অবস্থান ছিল সবসময়ই জৌলুসপূর্ণ। মাঝে সেটি কিছুটা ম্লান হলেও দেড় যুগ পর আবারও জাতীয় রাজনীতিতে চট্টগ্রামের বিএনপি নেতাদের জৌলুস ফিরেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১৬টি আসনের মধ্যে ১৪টিতেই জয় ছিনিয়ে নিয়েছেন বিএনপি প্রার্থীরা। নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জন মন্ত্রী হয়েছেন। যদিও চট্টগ্রাম জেলায় এই সংখ্যা কম। প্রত্যাশা আরও বেশি থাকলেও বিএনপি নেতারা বলছেন প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে অর্থমন্ত্রী করার বিষয়টি নিয়ে তারা আন্দন্দিত। মন্ত্রিসভায় সামনের দিনে চট্টগ্রাম জেলার আরও কয়েকজন নেতা যুক্ত হবেন।

নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম জেলার নেতাদের মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এর বাইরে বৃহত্তর চট্টগ্রামের সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হয়েছেন দীপেন দেওয়ান। বিএনপির করা মন্ত্রিসভায় সংখ্যার বিচারে এবারই সবচেয়ে কম মন্ত্রী হয়েছে চট্টগ্রাম জেলা থেকে। জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রীসহ চারজন, বেগম জিয়ার তিন মন্ত্রিসভায় যথক্রমে তিন, দুই ও চারজন সদস্য ছিলেন এই জেলা থেকে।

এই বিষয়ে বিএনপি নেতাকর্মীদের মনোভাব কী জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, ‘পুরো চট্টগ্রাম বিভাগে বিএনপি বড় জয় পেয়েছে। মন্ত্রীও এই বিভাগ থেকে বেশি। জেলার দুজন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। প্রত্যাশা আরও বেশি ছিল। কিন্তু প্রথমবার চট্টগ্রাম থেকে অর্থমন্ত্রী হলো। দুটি মন্ত্রণালয়ই ভালো। চট্টগ্রাম বিভাগ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। সব মিলিয়ে আমরা আনন্দিত। যদ্দূর জানি মন্ত্রিসভার আকার বড় হলে চট্টগ্রামের আরও কয়েকজন স্থান পাবেন।’

দ্বিতীয় থেকে ত্রয়োদশ সংসদের পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত এটিই বিএনপির সবচেয়ে বড় বিজয়। প্রতিষ্ঠার পর দ্বিতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৩টিতে জয় পেয়েছিল বিএনপি। এরপর ষষ্ঠ এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১২টি আসনে জয় পায় দলটি। এমনকি সপ্তম সংসদে জিতে যেবার আওয়ামী লীগ ২১ বছর পর সরকার গঠন করে, সেবারও চট্টগ্রামের ১৫টি আসনের ১০টিতে জয়ী হন বিএনপি প্রার্থীরা। তবে ‘সর্বশেষ’ প্রতিযোগিতামূলক নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সেই দুর্গের পতন হয়। ১৬টি আসনের মধ্যে মাত্র তিনটি আসনে জয়ী হয় বিএনপির প্রার্থীরা। দেড় যুগ পর আবারও চট্টগ্রামের সেই দুর্গ পুনরুদ্ধার করল বিএনপি।

বেগম জিয়ার প্রথম মন্ত্রিসভায় ২৪ পূর্ণমন্ত্রীর মধ্যে চট্টগ্রাম থেকে ছিলেন তিনজন। তারা হলেনÑ অলি আহমেদ, আবদুল্লাহ আল নোমান ও এএম জহিরুদ্দিন খান। ১২ দিন মেয়াদি দ্বিতীয় মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ছিলেন মোট ১২ জন; যার মধ্যে দুজন ছিলেন চট্টগ্রামের। আবদুল্লাহ আল নোমান ও অলি আহমেদ। তৃতীয় মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে স্থান পান আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মোরশেদ খান ও জাফরুল ইসলাম চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা