প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৯ পিএম
একটি বাড়ির গ্যাসের চুলার ওপর থাকা গ্যাস বার্নার। ছবি: রয়টার্স
পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য শহরের কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সেখানে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ সময় কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয়পাশের সব শ্রেণির গ্রাহক এ বন্ধের আওতায় পড়বেন।
তিতাস কর্তৃপক্ষ জানায়, পঞ্চবটি মোড়ে প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপনের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।