রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৭ পিএম
এএসআই শহীদ। ফাইল ফটো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।
উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে রবিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শহিদুল ইসলাম (শহীদ) পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।
তিনি বলেন, রবিবার মধ্যরাতে পীরগঞ্জ থানার একদল চৌকশ পুলিশ সদস্য ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে চালান। এসময় ওই গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম শহীদ হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের চিকিৎসক ডা. তানজিনা এএসআই শহীদকে মৃত ঘোষণা করেন।
ডা. তানজিনা বলেন, এএসআই শহীদকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে বলতে পারব না- কি কারণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপরও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে হলে মরদেহের ময়নাতদন্ত করতে হবে।