রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৪ এএম
সিরাজগঞ্জে নির্বাচনের দিনে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া সেই শিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নির্বাচনের দিনে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া বেগম নামে এক গৃহবধূ। পরে নবজাতকের নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। ঘটনাটি জানার পর পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম রবিবার বিকাল ৫টার দিকে সেই পরিবারের সাথে দেখা করতে রায়গঞ্জে যান।
এদিন রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জন্ম নেওয়া নবজাতক ও তার মায়ের খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেক পাটোয়ারী।

জেলা প্রশাসকের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশুর জন্ম সনদ, নগদ অর্থ সহায়তা, মা ও শিশুর প্রয়োজনীয় পোশাক এবং একটি শুভেচ্ছা সনদপত্র প্রদান করা হয়। এছাড়া শিশুটির ডাকনাম ‘ত্রয়ী’ রেখে একটি ইউনিক নম্বরসহ জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়। শিশুটির পূর্ণ নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া ওরফে ত্রয়ী।
গত ১২ ফেব্রুয়ারি ভোট দিতে এসে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দেন মোছা. আম্বিয়া খাতুন। পরে পরিবার ও স্বজনরা নবজাতকের নাম রাখেন ‘খালেদা’। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।