গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৮ পিএম
প্রতীকী ছবি
গাজীপুর মহানগরীর হাজিরপুকুর এলাকায় একটি নির্মাণাধীন ফুট ওভারব্রিজের লিফটের ফাঁকা স্থান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা মাছির ওড়াউড়ি ও দুর্গন্ধ দেখে পুলিশে খবর দিলে শনিবার বিকেলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে কালো প্যান্ট ও সোয়েটার ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, গাছা থানাধীন হাজিরপুকুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নির্মাণাধীন একটি ফুট ওভারব্রিজ রয়েছে। ওই ব্রিজের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গায় শনিবার দুপুরের পর প্রচুর মাছি উড়তে দেখেন পথচারীরা। একইসঙ্গে সেখান থেকে তীব্র দুর্গন্ধ আসছিল। সন্দেহবশত এলাকাবাসী কাছে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।