মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৭ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৮ পিএম
প্রতীকী ছবি
ঢাকার রমনা এলাকায় একটি মার্কেট থেকে অজ্ঞাতনামা (প্রায় ৯০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলার মার্কেটে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে। পরে খবর পেয়ে রমনা থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন”।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং মার্কেট এলাকায় অবস্থান করতেন। পুলিশের ধারণা, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।