× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২০ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুই জন নিহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুই জন নিহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন।

জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে শনিবার ভোরে এই ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনাস্থলের একটি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনায় বসতবাড়ির মালিক মো. আবুল কালাম (৪৫) সপরিবারে আত্মগোপনে রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আবুল কালামের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত এই বাড়িতে ভোরে একদল লোক বোমা তৈরির কাজ করছিল। কাজ চলাকালীন তা বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে পুরো ঘরটি পুড়ে যায়।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, আধা-পাকা ঘরটির উপরের টিনের চাল উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরের ভেতরের আসবাবপত্র ও বোমা তৈরির সরঞ্জাম চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রফিকুল আলম জানান, ‘ভোরে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শব্দ শুনে মনে হয়েছিল আকাশ ভেঙে পড়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি কালামের ঘরটি পুরোপুরি ধংসস্তূপ পরিণত, আর চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন।’
বিস্ফোরণের পর ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়। তাদের দেহগুলো এতটাই বিকৃত হয়ে গেছে যে, তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

আহতরা হলেন- ফাটাপাড়া গ্রামের মো. মিনহাজ (২২) ও মো. বজলুর রহমান (২০) এবং রানিহাটি ইউনিয়নের উপরধুমি গ্রামের মো. শুভ (২০)। তাদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি ঘটলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর থেকেই বাড়ির মালিক মো. আবুল কালাম পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘর ও মৃতদেহ ফেলে রেখেই তিনি এলাকা ছেড়েছেন। তাকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে, তাকে গ্রেপ্তার করতে পারলে এই বিস্ফোরক তৈরির নেপথ্য উদ্দেশ্য ও হোতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বলেন, “আমরা ঘটনাস্থলে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। আহতদের নাম পাওয়া গেলেও নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর ঘটনাস্থল পরীক্ষা করে দেখা হবে আর কোনো অবিস্ফোরিত বোমা বা আলামত মজুত আছে কি না। এরপরই লাশের সুরতহাল ও ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া শুরু হবে।”
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, “বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বাড়ির মালিককে হন্যে হয়ে খোঁজা হচ্ছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।”
বর্তমানে পুরো এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা