বগুড়া অফিস
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৩ পিএম
তারেক রহমান। ফাইল ছবি
বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনি ফলাফল আসতে শুরু করেছে। এই আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী তারেক রহমান এগিয়ে রয়েছেন। ২৭টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে তারেক রহমান পেয়েছেন ৩৭ হাজার ৪৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।
বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) এবং বাসদের দিলরুবা নূরী (মই) পেয়েছেন কয়েকশ ভোটের কম ভোট।
এর আগে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টায় গণনা শুরু হয়। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানিয়েছেন, এই আসনে ভোটার উপস্থিতির হার ছিল ৬৯.১০ শতাংশ।
বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল সংগ্রহের কাজ চলছে।