ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২০ পিএম
কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ স্কুল মাঠে সোমবার বিকালে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন রাশেদ খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী রাশেদ খান বলেছেন, এলাকায় হত্যা, চাঁদাবাজি, দখলবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। যারা এসব অপরাধে জড়িত, তাদের রেহাই দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ স্কুল মাঠে সোমবার বিকালে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে এই হুঁশিয়ারি দেন রাশেদ খান।
জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে রাশেদ খান বলেন, ধানের শীষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বাস ও দায়িত্বের প্রতীক। এই নাম ব্যবহার করে কেউ মিথ্যার আশ্রয়ে ভোট চাইলে তাদের কঠোর জবাব দেওয়া হবে।
বিএনপি এখন ঐক্যবদ্ধ এবং ধানের শীষের বিজয় কেউ আটকাতে পারবে না, বলেন তিনি।
রাশেদ খান স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশে বলেন, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা বিফল হবে। ৫ আগস্টের পর যারা হত্যা, চাঁদাবাজি ও হাটবাজার দখল করেছেন, তারা ভোট কেনার চেষ্টা করতে পারে, তবে তাদের কোনো স্থান এই আসনে হবে না।
সমাবেশে তিনি প্রতিশ্রুতি দেন, ধানের শীষের বিজয় নিশ্চিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ নাগরিক সেবা শক্তিশালী করা হবে।
সমাবেশে প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, শহিদ জিয়ার আদর্শে গড়া বিএনপির রাজনীতি অনুসরণ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, নেতা আনোয়ারুল ইসলাম রবি, নজরুল ইসলাম মোল্লা, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, আবুল কালাম আজাদ, লুৎফর রহমান লেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন এবং ছাত্র নেতা মারুফ বিল্লাহ প্রমুখ।