গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৩ এএম
কালিয়াকৈরে প্রথমবারের মতো ৩ হাজার শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিজ্ঞান অলিম্পিয়াড হলো শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতামূলক ও শিক্ষামূলক আয়োজন, যেখানে বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে চিন্তা করার দক্ষতা যাচাই করা হয়। এখানে মুখস্থবিদ্যার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যুক্তি, বিশ্লেষণ ক্ষমতা আর কৌতূহলের ওপর। বিজ্ঞান অলিম্পিয়াড শুধু একটি পরীক্ষা নয়, এটি বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করার একটি প্লাটফর্ম। এই প্রতিযোগিতায় সাধারণত স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের আগ্রহকে গুরুত্ব দিয়ে গাজীপুরের কালিয়াকৈরে প্রথমবারের মতো ৩ হাজার শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড। উপজেলার পূর্ব চান্দুরা খেলার মাঠে অনুষ্ঠিত এমন আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় শুরু হয় ১ ঘণ্টাব্যাপী এই পরীক্ষা। পরীক্ষার দায়িত্বে থাকেন বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশতাধিক শিক্ষক। পরীক্ষা চলাকালীন অভিভাবকরা মাঠের বাইরে অবস্থান নেন।
অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যরা জানান, গাজীপুর জেলা ও উপজেলার ৯৬টি স্কুল থেকে বাছাইকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী এ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেয়। অলিম্পিয়াডে অংশগ্রহণে সুযোগ পায় ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। এ আয়োজনে বিজয়ী ১০ জনকে ১০ হাজার করে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে বলেও জানান কমিটির সদস্যরা।
মৌচাক স্কাউট স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, আমাদের স্কুলের মাধ্যমে প্রথমে জানতে পারি এই আয়োজনের কথা। পরে আমার আগ্রহের কথা আম্মুকে বলি ও রেজিস্ট্রেশন করি। আজ পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে ভালো লেগেছে।
বিজ্ঞান অলিম্পিয়াডের আহ্বায়ক সরোয়ার হোসেন আকুল বলেন, এই আয়োজনের উদ্দেশ্য এই এলাকার বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া ও ধীরে ধীরে দেশ-বিদেশের অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করা। আমাদের এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা যখন এই আয়োজনের কথা বলে, তখন তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে শুরু করি। এটি প্রথম সিজন, আমাদের পরিকল্পনা সামনে আরও বড় পরিসরে এটির আয়োজন করব।
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যাপক এস. এম. খালিদ হোসেনের সভাপতিত্বে অলিম্পিয়াড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজের অধ্যাপক শাহজাহান আলী, কালিয়াকৈর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম প্রমুখ।