মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২০ পিএম
রংপুরের মিঠাপুকুরে সেলফি তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে নিহতসুবর্ণা খাতুন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর বনগা এলাকার বড়পুকুর নামক জলাশয়ে শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা ওই গ্রামের বকুল মিয়ার মেয়ে এবং জোড়গাছ দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে সুবর্ণা তার এক নিকটাত্মীয়দের সাথে নৌকায় বড়পুকুরে ঘুরতে বের হয়। নৌকাটি যখন মাঝপুকুরে পৌঁছায়, তখন সুবর্ণা মোবাইল ফোনে সেলফি তোলা ও ভিডিও করায় ব্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে সে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।
নৌকায় থাকা অন্যরা এবং স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। পরে খবর পেয়ে মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। চারজন ডুবুরির একটি দল প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে সুবর্ণার মরদেহ উদ্ধার করে।
রংপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মশিউর রহমান বলেন, “স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ দেড় ঘন্টা তল্লাশির পর নিহতের মরদেহ উদ্ধারে সক্ষম হই। আইনানুগ প্রক্রিয়া গ্রহণে মরদেহ থানায় হস্তান্তর করা হয়েছে।”
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটি একটি দুর্ঘটনা এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।