বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৬ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২ পিএম
ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাহসিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে’ এমন কথা বলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বাকেরগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় শুক্রবার তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় উপজেলার সকল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, "নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাহসিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ভোটকেন্দ্রে প্রয়োগ করে ভোটারদের আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম বলেন, "নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী বদ্ধপরিকর। ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।"
অনুষ্ঠানের সভাপতি ও বরিশালের জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মো: খায়রুল আলম সুমন তার বক্তব্যে বলেন, "নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। কোনো প্রকার অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে হবে।"
বিশেষ অতিথি বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, "ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। প্রিজাইডিং অফিসারদের যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম মাঠে নিয়োজিত থাকবে। আমরা একটি নিরাপদ ও ভীতিহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করব।"
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ বলেন, "তৃণমূল পর্যায়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা স্থানীয় পর্যায় থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটকেন্দ্রে কর্মকর্তাদের কোনো ধরণের বিশৃঙ্খলা বা পেশী শক্তির চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানাই।"
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: রোকনুজ্জামান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম সোহেল রানা। সভা সঞ্চালনায় ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি তনময় হালদার।
৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা ০৬ ফেব্রুয়ারি সফলভাবে শেষ হয়েছে। প্রশিক্ষণে ভোটকেন্দ্রে ব্যালট ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ এবং নির্বাচনী ফলাফল ঘোষণার বিভিন্ন কারিগরি ধাপ নিয়ে কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।